নরসিংদী, ০৯ আগস্ট (টাইমস অফ বাংলা) : নরসিংদীর বেলাবো উপজেলার মরজাল এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখির সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয় জনতা বিক্ষুব্ধ হয়ে প্রায় ২০ মিনিট ওই মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন। পরে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতদের মধ্যে লতিফ (৩০) নামে ১ জনের নাম জানা গেছে। বাকি ২ জনের নাম জানা যায়নি।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শ্যামল সূত্রধর, তার স্ত্রী সুমা রানী ও টিটু নামে ৩ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পুলিশ জানায়, ভৈরব থেকে ঢাকার মহাখালীগামী বাদশা পরিবহনের যাত্রীবাহী ১টি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশের ১০ ফুট গভীর খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই বাসের অজ্ঞাতপরিচয় ২ যাত্রী মারা যান। এ সময় লতিফসহ আরও ২৬ জন আহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর লতিফ মারা যান।
পরে অবস্থার অবনতি হলে আহতদের মধ্যে শ্যামল, সুমা ও টিটুকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।









